২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরে প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেট কারের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়লে চাপা পড়েন মা ও মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 01:19 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় লেগে মা-মেয়ে নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে সদর উপজেলার বেতবাড়িয়া এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সারোয়ার হোসেন। 

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসি (২০)।

এসআই সারোয়ার বলেন, প্রাইভেট কারটি সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লাগে। 

“এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেট কারের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়লে চাপা পড়েন মা ও মেয়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

এ ছাড়া ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।