২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারো কাছে লুটের মালামাল পেলে আইনি ব্যবস্থা: রাজশাহী সিটি প্রশাসক

তিনি বলেছেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে লুট হওয়া মালামাল রাষ্ট্রীয় সম্পদ। যারা ফেরত দেবেন, তাদের আমরা ধন্যবাদ জানাব।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 02:21 AM

Updated : 26 Aug 2026, 10:18 AM

কারো কাছে লুটের মালামাল পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

তিনি বলেছেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে লুট হওয়া মালামাল রাষ্ট্রীয় সম্পদ। সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার অনুরোধ করছি। যারা ফেরত দেবেন, তাদের আমরা ধন্যবাদ জানাব। মালামাল ফেরত দিলে কাউকে কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু পরে কারো কাছে কোনো সম্পত্তি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রমের বিষয় তুলে ধরতে মঙ্গলবার দুপুরে নগর ভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটি প্রশাসক।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সিটি করপোরেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ, সম্ভাব্য পরিমাণ ও করণীয় প্রস্তাব নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া সিটি করপোরেশনের জনবল যৌক্তিকীকরণের জন্যও আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। 

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনেই মেয়র সরিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা শীর্ষক অধ্যাদেশের ১৩ (ক) ধারায় বলা হয়েছে, “এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, সকল সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে।”

এ সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে এ সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব নেওয়ার একদিন পর সংবাদ সম্মেলনে আসেন তিনি।

সারা দেশের মধ্যে রাজশাহীকে সুন্দর শহর আখ্যা দিয়ে এ সিটির প্রশাসক বলেন, “আমি গতকাল দায়িত্ব গ্রহণ করেছি। আজ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে সভা করেছি। জনগুরুত্বপূর্ণ কাজগুলো, সেবাসমূহ দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। ইতোমধ্যে অনেক নাগরিক সেবা চালু হয়েছে, যেগুলো বাকি রয়েছে, সেগুলোও আজকের মধ্যে চালু করা হবে। এছাড়া প্রকল্পের আওতাভুক্ত উন্নয়ন কাজসমূহ শুরু করা হবে। আয়ের খাতসমূহ দ্রুতই চালু করা হবে।” 

সিটি করপোরেশনের কোনো কাজে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী হাকিম সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ছিলেন।

এর আগে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিটি করপোরেশনের প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।