১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় রানা প্লাজার মালিক, চাইলেন ক্ষমা

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১৩৬ জনের মৃত্যু হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 10:56 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

প্যারোলে মুক্তি পেয়ে সাভারের আলোচিত রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা মায়ের জানাযায় অংশ নিয়েছেন। এ সময় তিনি উপস্থিত সবার কাছে মাফ চেয়েছেন। 

সোহেল রানা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এক যুগের বেশি সময় পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে তার মায়ের জানাযায় অংশ নেন।

এ সময় সোহেল রানা উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।”

তখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। 

রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, “আমরা চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

“প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এ সময় সোহলে রানা সবার কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।” 

জানাযা শেষে তাকে সাড়ে ৭টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার ৫ হাজারের মতো শ্রমিক তার নিচে চাপা পড়েন।

কয়েকদিনের উদ্ধার তৎপরতায় ১ হাজার ১৩৬ জনের লাশ তুলে আনা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় দুই হাজার শ্রমিক আহত ও পঙ্গু হন।

ইতিহাসের সর্ববৃহৎ এই শিল্প দুর্ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। সেই থেকে তিনি কারাগারে আছেন।