২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ফসলি জমিতে পড়েছিল বিদ্যুতের ছেড়া তার, প্রাণ গেল যুবকের

শরীরে বিদ্যুতের তার পেঁচানো মোস্তাফিজুর রহমানের মরদেহ ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

লক্ষ্মীপুরে ফসলি জমিতে পড়েছিল বিদ্যুতের ছেড়া তার, প্রাণ গেল যুবকের
মোস্তাফিজুর রহমান।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 04:18 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এলাকার রাজবাড়ির একটি ফসলি জমি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী। 

নিহত মোস্তাফিজুর রহমান (৩৫) ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে। মোস্তাফিজ ঢাকার পোশাক কারখানায় চাকরি করতেন। তবে গত রমজান মাসে তার বাবা মারা যান। তখন বাড়িতে এসে তিনি আর কর্মস্থলে ফেরেননি।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু বলেন, “ফজরের আজানের আগে মোস্তাফিজ ঘর থেকে বের হন। পরে খবর পাওয়া যায় তার মরদেহ ফসলি জমিতে পড়ে আছে।”

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শরীরে বিদ্যুতের তার পেঁচানো মোস্তাফিজুর রহমানের মরদেহ ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার কোনোভাবে ছিড়ে গিয়েছিল। অসাবধানতাবশত তাতে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।