১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩০০ ফুট সড়কে মোটরসাইকেলের ‘প্রতিযোগিতা’, দুই তরুণের মৃত্যু

“অতিরিক্ত গতির মোটরসাইকেল দুটি নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 12:13 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাতে গিয়ে’ দুই তরুণের প্রাণ গেছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরেকজন। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পূর্বাচল এলাকায় ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক সোহেল রানা জানান।

নিহতরা হলেন– রাজধানীর কাফরুল থানার কামাল খান রোডের জসিম উদ্দিনের ছেলে আবরার কবির দীপ (২১) এবং শ্যাওড়াপাড়া এলাকার সেকান্দারের ছেলে সুমন (২০)।

নিহত সুমন

নিহত সুমন

অপর মোটরসাইকেল আরোহী রাব্বিকে (২০) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক সোহেল রানা বলেন, ৩০০ ফুট সড়কে পাশাপাশি দুটি মোটরসাইকেলের ‘প্রতিযোগিতা’ চলছিল। 

“সড়কের কাঞ্চনমুখী লেনে অতিরিক্ত গতির মোটরসাইকেল দুটি নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বেসরকারি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে দুজন মারা যান। 

পরে রাব্বিকে কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সোহেল রানা।

নিহত আবরার কবির দীপ

নিহত আবরার কবির দীপ

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনের অফিসার উদ্দীপন ভক্ত জানান, তাদের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে আগেই মোটরসাইকেলের আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পরে মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়।