Published : 17 Feb 2026, 06:05 PM
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর বেড়িবাঁধ থেকে এক নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে ইসলামাবাদ ইউনিয়ন-এর শিবপুর গ্রামের ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান।
নিহত শাকিলা আক্তার (২৬) ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি বেপারি বাড়ির বাসিন্দা আব্দুস সাত্তারের মেয়ে।
তার বাবা আব্দুস সাত্তার বলেন, তার মেয়ে নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পরদিন তার মরদেহ পাওয়ার খবর পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
ওসি মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। এর মধ্যে বিষয়টি জিডি মূলে প্রেরণ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।