Published : 05 May 2026, 11:51 AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৫ শিশুর মৃত্যু হল।
সর্বশেষ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী এক শিশু মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।
শিশুটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে গত ৩০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল স্বজনরা।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ শিশু। সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ২১ শিশু এবং মোট ৭৯ শিশু ভর্তি রয়েছে বলে মঙ্গলবার সকালে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মোহাম্মদ মাইনউদ্দিন খান।
বিজ্ঞপ্তি জানান হয়, ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয় মোট ১০৮৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৯৮৪ শিশু।
তবে রোগী বৃদ্ধির পাশাপাশি মৃত্যু বাড়লেও এখনো হাসপাতালে সেবার মান বাড়েনি বলে অভিযোগ স্বজনদের।
আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক শিশুর স্বজন হামিদা আক্তার বলেন, “প্রতিনিয়ত শিশু মৃত্যুর সংখ্যা বাড়লেও তা ঠেকাতে এখানে সেবার মান খুব একটা বাড়ছে না। আইসিইউ সংকটসহ রয়েছে বেডের স্বল্পতা। অনেক ওষুধপত্র বাহির থেকে কিনে আনতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারের উচিত সকল ওষুধ হাসপাতাল থেকে সরবরাহের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা।”
মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আইসোলেশন ওয়ার্ডে ৬৪ শিশুর জন্য বিছানা থাকলেও বেশি ভর্তি হওয়ায় মেঝেতে জায়গা দিতে হচ্ছে। এতে কিছুটা ভোগান্তি হচ্ছে। ওষুধ সরবরাহ কিছুটা কম থাকায় স্বজনদের বাহির থেকে কিনতে হচ্ছে।
“তবে সেবার মান যথেষ্ট পরিমাণ রয়েছে। চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক তাদের সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করছেন “