কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক
“লাইফগার্ড কর্মীরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও দুইজন ভেসে যেতে থাকে। পরে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করা হয়।”
কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়ার সময় চারজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান।
নিখোঁজ ২৬ বছর বয়সী মোহাম্মদ সজীব ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নিখোঁজের স্বজন ও বন্ধুদের বরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর বলেন, “সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন সজীব। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে পাঁচজন স্রোতের টানে ভেসে যায়। এ সময় লাইফগার্ড কর্মীরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও দুইজন ভেসে যেতে থাকে।
“পরে তাদের একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও সজিব ভেসে যান। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।”
নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি সৈকতের কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে পর্যটন সেলের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
