যশোর কারাগারে যাবজ্জীবন সাজা পাওয়া কয়েদির ‘আত্মহত্যা’
চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলার রায় ঘোষণার পর থেকে মিজানুর কারাগারে ছিলেন।
যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় কারাগারের ভেতর কার্পেট চত্বর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ।
মৃত মিজানুর রহমান শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
জেলার আবিদ আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের দরজা ভেঙে প্রবেশ করেন মিজানুর। সেখানে একটি এঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস নেন তিনি।
দায়িত্বরত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ততক্ষণে তিনি মারা যান। বিষয়টি মিজানুরের পরিবারকে জানানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।
আবিদ আহমেদ বলেন, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় কারাগারে আসেন মিজানুর। তিনি কারাগারে কপোতাক্ষ-৩ ভবনে থাকতেন।
