২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

চোর সন্দেহে ওই যুবককে ধরে স্কুল মাঠে নিয়ে পিটুনি দেয় এলাকাবাসী।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

মাগুরা সদর উপজেলায় টাকা চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার আলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।

নিহত সজল হোসেন ওই এলাকার শরিয়ত মোল্লার ছেলে। তবে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আলাইপুর গ্রামের শরিয়ত মোল্লার সঙ্গে একই গ্রামের আলতাফ হোসেনের বিরোধ চলছিল। রোববার সকালে আলতাফ হোসেনের বাড়ি থেকে সাত হাজার টাকা হারিয়ে যায়। 

সন্ধ্যায় চোর সন্দেহে শরিয়তের ছেলে সজলকে ধরে আলাইপুর স্কুল মাঠে নিয়ে পিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

ওসি আইয়ুব আলী বলেন, আহত অবস্থায় সজলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওসমান গনি বলেন, “রাতে এক যুবক আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।”

ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।