২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর লাশ, পরিবারের দাবি হত্যা

“লাশের পা মেঝে স্পর্শ করছিল। সুমাইয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।”

ফরিদপুরে ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর লাশ, পরিবারের দাবি হত্যা
ফরিদপুরের আলফাডাঙ্গা থানা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 06:06 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ পাওয়া গেছে; যাকে হত্যা হরা হয়েছে বলে দাবি পরিবারের। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক আছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আলফাডাঙ্গা থানার ওসি মো. আল আমিন।

মৃত সুমাইয়া শিমু (২৫) ওই গ্রামের মো. জসীম কাজীর স্ত্রী। জসীম পেশায় কাঠমিস্ত্রি।

স্বজনদের দাবি, সুমাইয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক থেকে শৈলমারী গ্রামের মো. মোস্তফা শেখের মেয়ে সুমাইয়া শিমুর সঙ্গে ২০১৮ সালে জসীম কাজীর বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হত। শুক্রবার দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সুমাইয়া ছেলেকে পাশের পাকুড়িয়া গ্রামে মেজ বোনের কাছে রেখে নিজ বাড়িতে ফিরে যান। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে শাড়ির ছেঁড়া পাড় দিয়ে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে দেখতে পায়।

সুমাইয়ার ছোট বোন মিম খাতুনের অভিযোগ, “লাশের পা মেঝে স্পর্শ করছিল। সুমাইয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।”

ওসি আল আমিন বলেন, পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যা দাবি করা হলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার পর থেকে জসীম কাজী ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কারো বক্তব্য পাওয়া যায়নি।