নরসিংদীতে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নিহত দুই শিশু ছিল সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নরসিংদীর মনোহরদী উপজেলায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা।
নিহত শিশুরা হলো- শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) ও মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির পাশে খেলাধুলার সময় কোনো একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা পানির ভেতর থেকে উদ্ধার করেন।
পরে তাদের দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ওসি মো. জাহাঙ্গীর বাদশা বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
