১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চারদিন পর ২ মাদরাসাছাত্রীর লাশ মিলল জমিতে

মাদরাসা থেকে জানান হয় তারা বের হয়ে গেছে। কিন্তু সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পায়নি পরিবার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 02:05 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় নিখোঁজের চারদিন পর দুই মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার সাদেকপুর উত্তরপাড়া এলাকার একটি জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন। 

নিহতরা হলেন- সদর উপজেলা কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৪) ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা (১৪)। 

তারা স্থানীয় জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।

স্থানীয় ও স্বজনদের বরাতে ওসি মোজাফফর বলেন, শুক্রবার বিকাল থেকে  নাইমা ও মাইমুনার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। মাদরাসা থেকে জানান হয় তারা বের হয়ে গেছে। কিন্তু সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পায়নি পরিবার। 

পরে মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তরপাড়া এলাকার একটি মসজিদের পাশে জমিতে দুজনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

সদর থানার পরিদর্শক মিজানুর রহমান, সুরতহালে মরদেহে কেনো আঘাতের চিহ্ন মেলেনি। আর ঘটনার পর মাদরাসার লোকজন পালিয়ে গেছেন।  

ওসি মোজাফফর জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।