এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
সবুজ আকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৩টির মতো মামলাও রয়েছে বলে বলা হয়েছে।
এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোমবার ছাত্রীর মা মামলাটি করেন বলে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান।
আসামি সবুজ হোসেন আকন (৪১) বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি। তার বাড়ি বাবুগঞ্জ উপজেলায়।
বেঞ্চ সহকারী বলেন, ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছাত্রীর (১৬) নিরাপত্তা নিশ্চিত করে আদালতকে অবহিত করার জন্যও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, স্কুলছাত্রীকে সবুজ আকন ভয়ভীতি দেখিয়ে নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন। পরে তাদের পরিবারকে নানাভাবে হুমকিও দেয়।
সবুজ আকন বিভিন্ন সময় তার ক্যাডার বাহিনী দিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টাও করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৩টির মতো মামলাও রয়েছে বলে মামলায় বলা হয়।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের আদেশ এখনও হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের বিএনপি নেতাদের কয়েকজন সবুজ হোসেন আকনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে মঙ্গলবার বিকালে সবুজ হোসেন আকনের মোবাইলে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
