২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ সীমান্তে ‘ভারতীয়দের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

এ ব্যাপারে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 11:24 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বুধবার রাতে বলেন, “বিএসএফ নাকি ভারতীয় গারোদের গুলিতে আমাদের বাংলাদেশি যুবক নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এ ব্যাপারে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা। 

নিহত সাইদুল ইসলাম (২৬) উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। 

বিজিবি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় চিনাকান্দি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি পাঠানোর চেষ্টা করেন সাইদুল। এ সময় ভারতের অভ্যন্তর থেকে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকৎসক রফিকুর ইসলাম বলেন, “নিহত যুবকের বুকে ও  পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।”

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, “এ ঘটনায় মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানা যাবে কার গুলিতে আমাদের যুবক নিহত হয়েছেন।”