২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাত বরফ হয়ে যায়’

“এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সব সময় গরম কাপড় পরতে হবে। গরম খাবার খেতে হবে।”

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

“রাত থেকে প্রচণ্ড শীত আর ঠান্ডা বাতাস বইছে। সকালেও কাজ করা মুশকিল হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যায়।

“কিন্তু কাজ না করতে পারলে কি খাব? তাই পরিবারের কথা ভেবে কাজ করতে হবে।” কথাগুলো বলছিলেন বোদা পৌর শহরের ইসলামবাগ এলাকার রাজমিস্ত্রি জসিম উদ্দীন।

পঞ্চগড়ে টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে স্থির রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে চলেছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

তিনি বলেন, “যদিও আজ ঘন কুয়াশ নেই, তবে ভোরে হালকা কুয়াশা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা পাওয়া যায়নি।”

এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে দিন-রাতের এমন বড় তাপমাত্রার তারতম্যের কারণে শীতের প্রভাব আরও প্রকট হচ্ছে বলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে।

আটেয়ারী উপজেলার বলরামপুর গ্রামের কৃষক খোরশেদ আলম বলেন, “আজ ঘন কুয়াশা ছিল না, শুধু হালকা কুয়াশা ছিল। সকালেই সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি বরং আরও ঠান্ডা লাগছিল।”

এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বোদা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, “একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন।

“এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সব সময় গরম কাপড় পরতে হবে। গরম খাবার খেতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই এমন অবস্থা তৈরি হওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।