২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেলেকে হত্যা, স্ত্রী-সন্তান হেফাজতে

বানারীপাড়া থানার এসআই আরাফাত হাসান বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 10:11 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক জেলেকে হত্যার অভিযোগে স্ত্রী ও সন্তানকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান। 

নিহত হাবিবুর রহমান মোল্লা (৫০) ওই গ্রামের মন্নান মোল্লার ছেলে। হাবিবুর পেশায় জেলে ছিলেন।  

এ ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছেলে সাগর মোল্লাকে (২০) হেফাজতে নিয়েছে পুলিশ। 

স্থানীয় বাসিন্দা জালিস মাহমুদ বলেন, “সকালে শুনতে পাই হাবিব মোল্লা মারা গেছে। ঘরে গিয়ে দেখতে পাই গামছা দিয়ে হাত বাঁধা, গালে ও নাকের নিচে রক্ত। তখন তার স্ত্রী ও ছেলে বলে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। হাত বুকের উপর ছিল বিধায় শক্ত হয়েছিল। টেনে নিচে নামিয়ে বেঁধে রাখা হয়েছে। 

পরে ঘর থেকে বাইরে নামিয়ে গেঞ্জি খোলার পর পিঠে কামড়ের দাগ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মনে হয়েছে, ঘাড়ও ভাঙ্গা। তখন বিষয়টি পুলিশকে জানানো হয়। 

হাবিবকে কেন হত্যা করা হয়েছে তার কারণ জানাতে পারেননি জালিস মাহমুদ। তবে তিনি ধারণা করেন, “মনে হয়, হাবিবের মালয়েশিয়া প্রবাসী বড় ছেলে তার চিকিৎসার জন্য আলাদা করে টাকা পাঠিয়েছে। বিষয়টি স্ত্রী ও ছোট ছেলে জানত। জানার পর টাকা চাইলে না দেওয়ায় নিজেদের মধ্যে কলহে এ ঘটনা ঘটতে পারে।”

বানারীপাড়া থানার এসআই আরাফাত হাসান বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মামলা করবেন।” 

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, “স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তথ্য যাচাই-বাছাই চলছে।”