২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জান্নাতের ‘টিকেট বিক্রিকারীদের’ প্রত্যাখ্যান করুন: খোকন

নরসিংদীর শীলমান্দীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নারী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 07:38 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

যারা জান্নাতের ‘টিকেট বিক্রির’ কথা বলে জনগণের কাছে ভোট চাচ্ছে তাদের প্রত্যাখানের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

তিনি বলেছেন, “যারা জান্নাতের টিকেট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, যারা স্বাধীনতাবিরোধী এবং যাদের কাছে নারীরা নিরাপদ নয়, সেই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করতে হবে।” 

শুক্রবার বিকালে নরসিংদীর শীলমান্দীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নারী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, “স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেটা বিএনপি জানে। তাই বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে। 

“জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি মাফিয়া-জালিম সরকারের পতন হয়েছে। আগামী দিনে এমন প্রার্থীকে ভোট দিতে হবে, যাকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না।”

সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন মহিলা দল আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি বি জি রশিদ নওশের।