২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি বাস পথে পেছন থেকে মোটরসাইকেল চালককে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

খাগড়াছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলার তিনটহরী ইউনিয়নে বড়ডলু মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।

নিহতের নাম মো. মাসুদ। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তা জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাস পথে মোটরসাইকেল চালক মাসুদকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, “ঘটনার পরপর পালিয়ে যাওয়ার সময় শান্তি পরিবহনের বাসটিকে গুইমারা এলাকায় আটকানো হয়েছে বলে শুনেছি। সেখানে যাচ্ছে পুলিশ।”

তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বলে জানান ওসি।