নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি
“এক বাংলাদেশিকে আটকের কথা স্বীকার করেছে বিএসএফ।”
নওগাঁর সাপাহার উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক হয়েছেন।
বুধবার নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাদিকুর রহমান রহমান জানান, ওই উপজেলার আদাতলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক সিরাজুল ইসলাম (৪২) ওই উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে সিরাজুল কয়েকজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে যান। পরে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদ্যদের হাতে ধরা পড়েন।
সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন মোবাইল ফোনে বলেন, “যাদের সঙ্গে আমার স্বামী ভারতে গিয়েছিলেন তারা এসে আমাকে খবর দেন যে, তাকে বিএসএফ আটক করেছে।”
লেফট্যানেন্ট কর্নেল সাদিকুর বলেন, “এক বাংলাদেশিকে আটকের কথা স্বীকার করেছে বিএসএফ।”
