২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৪০০ লিটার ডিজেল উদ্ধার, ২ দোকানিকে জরিমানা

চৌয়ারা বাজার ও কালির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 11:32 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং ইচ্ছামত দাম রাখার দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চৌয়ারা বাজার ও কালির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সজীব তালুকদার জানান।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, চুয়ারা বাজার এলাকায় মেসার্স আব্দুর রহমান ট্রেডার্স নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি করছিল। এ কারণে দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। 

অপরদিকে কালির বাজার রাস্তার মাথায় মেসার্স জিনিয়া ট্রেডার্সের মালিকের বাসায় লুকানো অবস্থায় ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ডিজেল জনসম্মুখে নিলাম করে একটি ফিলিং স্টেশনে বিক্রয় করা হয়। পরে সেই টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। 

এ ছাড়া দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।