২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পাওনা টাকার জন্য নারীকে হত্যা: গৃহবধূসহ ২ জনের যাবজ্জীবন

২০১৮ সালের ২৮ অক্টোবর পাওনা টাকা চাইতে গেলে ওই নারীর গলায় ফিতা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানান এপিপি।

টাঙ্গাইলে পাওনা টাকার জন্য নারীকে হত্যা: গৃহবধূসহ ২ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে রায় ঘোষণার পর দুই আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2024, 08:13 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পাওনা টাকার জন্য এক নারীকে হত্যা মামলায় আরেক নারীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা বেগম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মনিরুল ইসলাম খান।

দণ্ড পাওয়ারা হলেন- বাসাইল উপজেলার বাসাইল পূর্বপাড়া গ্রামের শাহাদত বেপারীর স্ত্রী মনোয়ারা আক্তার (৩৬) এবং একই এলাকার মজিবর বেপারীর ছেলে উজ্জ্বল ইসলাম (৩৩)। 

মামলার বরাতে মনিরুল ইসলাম খান জানান, পূর্বপাড়া গ্রামের সুনীল কুমার দাসের স্ত্রী ঝর্ণা রানী দাস (৪৮) মনোয়ারা আক্তারের সঙ্গে প্রসাধনসামগ্রীর ব্যবসা করতেন। সেই সূত্রে মনোয়ারার কাছে দুই হাজার ৬০০ টাকা পেতেন ঝর্ণা।

তিনি বলেন, ২০১৮ সালের ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ঝর্ণা পাওনা টাকার জন্য মনোয়ারার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। ঝর্ণাকে না পেয়ে বিষয়টি বাসাইল থানা-পুলিশকে জানান স্বজনরা। পরে পুলিশ মনোয়ারাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। 

“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মনোয়ারা পুলিশকে জানায়, ‘পাওনা টাকা চাইতে আসার পর ঝর্ণার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে প্রতিবেশী উজ্জ্বলের সহায়তায় ঝর্ণাকে ঘরে নিয়ে গলায় ফিতা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’

“হত্যার পর ঝর্ণার গলা থেকে সোনার চেইন, কানের দুল খুলে নেন তারা। পরে মনোয়ারার বসতঘরে একটি কক্ষের মেঝেতে ঝর্ণার লাশ মাটিচাপা দেওয়া হয়।”

পরে পুলিশ মনোয়ারার ঘরের মাটি খুঁড়ে ঝর্ণার মৃতদেহ উদ্ধার করে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

এ ঘটনায় ঝর্ণার স্বামী সুনীল কুমার দাস বাদী হয়ে দুইজনকে আসামি করে বাসাইল থানায় মামলা করেন। 

তদন্ত শেষে ২০১৯ সালের ৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও চার মাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান এপিপি।