জাবিতে বিড়াল নিধন ও নিষ্ঠুরতা বন্ধে আইনি নোটিস
প্রাণী কল্যাণ সংস্থা ‘এএলবি অ্যানিমেল শেল্টার’ এর পক্ষে এ নোটিস পাঠানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিড়ালদের ওপর ধারাবাহিক নিষ্ঠুরতা, হত্যা ও অবৈধভাবে সরিয়ে ফেলার অভিযোগে কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
প্রাণী কল্যাণ সংস্থা ‘এএলবি অ্যানিমেল শেল্টার’ এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান রোববার এ নোটিস পাঠান।
নোটিসে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিড়ালদের প্রতি চরম অমানবিক আচরণ করা হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- গর্ভবতী বিড়ালকে ক্যাম্পাস থেকে দূরে ফেলে দেওয়া, পুরুষ বিড়ালের অঙ্গহানি, বহুতল ভবন থেকে বিড়াল ও বিড়ালের ছানাদের নিচে ফেলে দেওয়া এবং কোথাও কোথাও বিড়ালের ওপর ফুটন্ত গরম পানি ঢালার মতো নৃশংস ঘটনা।
আইনি নোটিসে এসব কর্মকাণ্ডকে ‘প্রাণী কল্যাণ আইন, ২০১৯’-এর ধারা ৩, ৬ ও ৭-এর সরাসরি লঙ্ঘন বলা হয়েছে। পাশাপাশি সংবিধানের ১৮ (এ) অনুচ্ছেদ অনুযায়ী পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলা হয়।
বিশেষ করে ১৮ ডিসেম্বর জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষের ইস্যু করা একটি চিঠিতে বিড়ালকে ‘উৎপাত’ ও ‘র্যাবিস ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করাকে ‘বেআইনি’ ও ‘বিভ্রান্তিকর’ বলা হয়েছে।
নোটিসটি পাঠানো হয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে।
এতে ৭২ ঘণ্টার মধ্যে বিড়াল স্থানান্তর, নিধন বা বিষ প্রয়োগসহ সব অবৈধ কর্মকাণ্ড বন্ধ, ক্যাম্পাসে প্রাণী নির্যাতন নিষিদ্ধে আনুষ্ঠানিক নির্দেশনা জারি, দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আহত বিড়ালদের জরুরি চিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফারজানা শাওন বলেন, “গত বছর থেকেই ক্যাম্পাসে পশু নির্যাতনের ঘটনা বেড়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি, এমনকি জাকসু থেকেও সহযোগিতা মেলেনি।”
বরং কিছু হলে হল সংসদের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন অভিযোগ করে তিনি বলেন, তারা এএলবি অ্যানিমেল শেল্টার এর সঙ্গে যোগাযোগ করেন এবং সংগঠনটির সহায়তায় একজন আইনজীবীর মাধ্যমে সব প্রমাণ জমা দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
নোটিসে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
