২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ‘ওসিকে হুমকি দেওয়া’ বিএনপি নেতার জামিন

হবিগঞ্জের বিচারিক হাকিম তানজিনা রহমান তানিনের আদালত জামিন মঞ্জুর করেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

থানার ওসিকে হুমকি ও গালিগালাজের মামলায় হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে হবিগঞ্জের বিচারিক হাকিম তানজিনা রহমান তানিনের আদালত জামিন মঞ্জুর করেন বলে আসামি পক্ষের আইনজীবী এনামুল হক সেলিম জানান।  

তিনি বলেন, পাঁচ হাজার টাকা জামানতে পুলিশি প্রতিবেদনের আগ পর্যন্ত তাকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগাল করছেন এমন একটি অডিও শনিবার ছড়ায়। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। তবে অডিওটি যাচাই করা যায়নি।

এরপর রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে বিএনপি নেতাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

যদিও বিএনপি নেতা তুষার চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, “আমি গত দুই মাসের মধ্যে কোনোদিন ওসিকে ফোনও দেইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেইসবুকে ছড়িয়ে দিয়েছে।”

আরও পড়ুন:

'ওসিকে গালাগালি'র অডিও, হবিগঞ্জে বিএনপি নেতা আটক