২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পচা ইলিশ রাখায় দুই ব্যবসায়ীর জরিমানা

অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 08:13 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে বিক্রির জন্য পচা ইলিশ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে অভিযান চালিয়ে আমীর হোসেন ও সেলিম হাওলাদারকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, মাছের দোকান তদারকির সময় ওই দুই ব্যবসায়ীর দোকানে পচা ও নষ্ট ইলিশ পাওয়া যায়। পরে মাছগুলো ধ্বংস করা হয়।

একই অভিযানে মূল্যতালিকা না থাকায় ‘খাওয়া দাওয়া হোটেল’ ও ‘আরফান হোটেল’কে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। 

অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, পচা মাছ খেলে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই নষ্ট ইলিশ জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের মাছ ঠিকভাবে সংরক্ষণ ও নষ্ট মাছ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে।