ভোমরা স্থলবন্দরে টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে ‘কলম বিরতি’
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ‘কলম বিরতি’ কর্মসূচি পালিত হয়।
এনবিআর বিলুপ্ত করে প্রমিত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ‘কলম বিরতি’ কর্মসূচি পালিত হয়েছে।
কাস্টমস ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় এই কর্মসূচি হয়।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ‘কলম বিরতি’ কর্মসূচি পালিত হয়।
সেখানে সহকর্মীদের দাবির পক্ষে বক্তব্য দেন ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার মো. শওকাত হোসেন, সহকারী কমিশনার সাকিবল রায়হান, ভোমরা এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী রাজস্ব কর্মকর্তা আবু রাসেল।
আবু রাসেল বলেন, “সবাই রাজস্ব সংস্কার নিয়ে আলোচনার টেবিলে বসুক। সবার মতামত নেওয়া হোক। তারপর একটা কাঠামো দাঁড়াক যেখানে একটি আদর্শ ব্যবস্থা গড়ে উঠবে। আমাদের মতামতকেই আমরা শুধু প্রাধান্য দিচ্ছি না। সবার মতামত আসুক, এমনটা আমরা চাই। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে উঠুক এটা আমরা চাই।”
সহকারী কমিশনার সাকিবুল রায়হান বলেন, “দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন।”
রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীরা রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মচারীর মতামত গ্রহণ করা হয়নি। সরকারের গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ করা হয়নি। সেটা আলোচনা-পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয়ের সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে।”
সহকারী কমিশনার মো. শওকাত হোসেন বলেন, বুধবার তিন ঘণ্টার ‘কলম বিরতি’ হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি হবে।
