Published : 11 Jan 2026, 02:54 PM
সিলেটের গোয়াইনঘাটের অবৈধভাবে বালু উত্তোলনের সময় ‘পে লোডার’ চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে জাফলংয়ের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান জানান।
মৃত ২৭ বছর বয়সী শ্রমিক পারভেজ আহমদ জাফলং ইউনিয়নের ছৈলাখেল অষ্টম খণ্ড গ্রামের জামাল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গোয়াইনঘাটের ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি ‘পে লোডার’ দিয়ে নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
এ সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, নিহত পারভেজের পরিবার থানায় অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।