লালমনিরহাটে ঘরে নারীর লাশ, ধর্ষণের পর হত্যার ধারণা
স্বজন ও স্থানীয়দের ধারণা, রাতে কেউ ফাঁকা বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের পর হত্যা করেছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক নারীর মুখে বালিশ চাপা দেওয়া বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আদিতমারী থানার ওসি নাজমুল ইসলাম।
নিহত ৪৫ বছরের ওই নারীর প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি একা বসবাস করতেন।
ওসি নাজমুল ইসলাম বলেন, “আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই নারীর একমাত্র মেয়ে সিলেটে থাকেন। তিনি কয়েকদিন আগে সেখান থেকে বাড়িতে আসেন। তার পরিবারের অন্য সদস্যরা ঢাকাসহ বিভিন্ন স্থানে থাকায় তিনি ওই ফাঁকা বাড়িতে একাই থাকছিলেন।
সকালে অনেক বেলা হলেও তিনি ঘুম থেকে না ওঠায় পাশের বাড়ির এক স্বজন তাকে ডাকতে যান। এ সময় বাড়ির ফটক খোলা থাকলেও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দেয়াল টপকে ঘরে ঢুকে বিছানায় তার লাশ দেখতে পান ওই স্বজন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এ ঘটনায় চেঁচামেচি শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখি তার মুখে বালিশ চাপা দেওয়া এবং বিবস্ত্র।”
স্বজন ও স্থানীয়দের ধারণা, রাতে কেউ বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহতের এক বোন বলেন, “সকালে খাটের ওপর তার লাশ পাওয়া যায়, খাটটিও ভাঙা ছিল।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
