সাবেক এমপি রিপুকে বগুড়া কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
এর আগে বগুড়া কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের চার নেতা ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা যান।
অসুস্থ হয়ে পড়ায় বগুড়ার সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয় বলে জেল সুপার ফারুক আহমেদ জানান।
এর আগে বগুড়া কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের চার নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে বৃহস্পতিবার ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর একটি দল গ্রেপ্তার করে। পরদিন বগুড়ার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেল সুপার ফারুক আহমেদ বলেন, কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে রাগেবুল আহসান রিপুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।
“পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কারাবিধি অনুযায়ী কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়।”
সাবেক সংসদ সদস্য রিপুর স্ত্রী মিসেস জবা সাংবাদিকদের বলেন, ২০১৩ সাল থেকে রিপু হৃদরোগের সমস্যায় ভুগছেন। তার হৃদযন্ত্রের দুই রক্তনালীতে ২৫ ও ৩০ শতাংশ ব্লক ছিল। এজন্য তিনি থাইল্যান্ডে চিকিৎসাও করিয়েছিলেন। এ ছাড়া তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে।
৪ ও ৫ অগাস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর বাসায় দুই দফা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ৪ অগাস্ট থেকেই তিনি সপরিবারে আত্মগোপন করেন। ৫ অগাস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে।
এর আগে ১১ নভেম্বর বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, ২৫ নভেম্বর শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ, পরদিন ২৬ নভেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু এবং ৯ ডিসেম্বর গাবতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু (৬৫) কারাগারে অসুস্থ হয়ে মারা যান।
