পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
পতাকা উত্তোলন শেষে নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন।
শুক্রবার দুপুরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দলীয় কার্যালয়ে এই কর্মসূচি করেন তারা।
পতাকা উত্তোলন শেষে নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পাবনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খাঁন, পাবনা পৌর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক তৌশিকুর রহমান রাভা, সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ হোসেন।
পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত সভায় তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাবনা জেলা আওয়ামী লীগ সর্বদা ঐক্যবদ্ধ। রাজপথের লড়াই-সংগ্রামে সব ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
২০২৪ সালের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে পাবনায় দুই শিক্ষার্থী নিহত হয়। ৫ অগাস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর, লুটপাট করে জেলা আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেয়। তারপর থেকে আওয়ামী লীগ কার্যালয় পরিত্যাক্ত ছিল।
