১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যৌনপল্লিতে প্রেমিকাকে বিক্রি, যুবকের ৭ বছরের জেল

২০২৪ সালের ১১ মার্চ বিয়ের কথা বলে বরিশালের ওই কিশোরীকে ডেকে নিয়ে পটুয়াখালীর যৌনপল্লিতে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানান বেঞ্চ সহকারী।

যৌনপল্লিতে প্রেমিকাকে বিক্রি, যুবকের ৭ বছরের জেল
দণ্ড পাওয়া ইমন হোসেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক ধরে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে পটুয়াখালীর যৌনপল্লিতে বিক্রির দায়ে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। তবে মামলা থেকে খালাস পেয়েছেন এক নারী।

মঙ্গলবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

দণ্ড পাওয়া ইমন হোসেন (২২) পটুয়াখালীর দুমকি উপজেলার জলশি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা পড়ুয়া ১৫ বছরের এক ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমন। ২০২৪ সালের ১১ মার্চ ওই কিশোরীকে বিয়ের কথা বলে পটুয়াখালীতে ডেকে নেন ইমন।

তিনি বলেন, কিশোরী নিখোঁজের ঘটনায় তার পরিবার বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই বছরের ১ এপ্রিল বাকেরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান র‌্যাব-৮ এর সহায়তায় পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার হোটেল পানামার পাশে যৌনপল্লি থেকে ওই কিশোরী ও তার প্রেমিক এবং দুই নারীকে আটক করেন।

ইমন প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ডেকে নিয়ে ৩০ হাজার টাকায় যৌনপল্লিতে বিক্রি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী পুলিশকে বলেছেন বলে জানান তুহিন মোল্লা।

এ ঘটনায় ইমনসহ যৌনপল্লীর দুই নারীকে আসামি করে এসআই মিজানুর রহমান বাকেরগঞ্জ থানায় মামলা করেন বলে জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের ১৫ অগাস্ট বাকেরগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে।

নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে সাত বছর কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ট্রাইব্যুনাল অপর আসামি তানিয়া আক্তারকে খালাস দিয়েছে বলে জানান তিনি।