টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, স্বজনদের দাবি ‘আত্মহত্যা’
জান্নাতের নানা দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় জান্নাতের।
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিমা আক্তার পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তারা নিহত হন।
নিহতরা হল- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাত (৩৫) এবং তার দুই বছরের ছেলে জুনায়েদ। জান্নাত তার স্বামীর সঙ্গে টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ভাড়া থাকতেন।
জান্নাতের নানা দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় জান্নাতের। শনিবার সকালে জান্নাত ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
এসআই রহিমা আক্তার বলেন, মা-ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।
