Published : 13 Feb 2026, 11:30 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সেলুনে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কর্মী ও এক শিশু দগ্ধ হয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম।
দগ্ধরা হলেন- সেলুন কর্মী মিন্টু মিয়া (২৫) ও চার বছর বয়সি অজ্ঞাত এক শিশু। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধের পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হালিম বলেন, সেলুনটির পাশে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি লাইন রয়েছে। ওই লাইনটির লিকেজ থেকে সেলুন ঘরের ভেতর গ্যাস জমা হয়েছিল।
“কোনো কারণে স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও ঘটনাটি আমাদের কেউ জানাননি। সংবাদকর্মীদের মাধ্যমে তথ্য পেয়ে সন্ধ্যার পর সেখানে যাই। ঘটনাস্থলে এখনো লাইনের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে”, বলেন তিনি।
বিষয়টি তিতাস গ্যাস কোম্পানিকেও জানানো হয়েছে বলে জানান আব্দুল হালিম।
ঘটনাস্থলের পাশের দোকানি মো. মামুন বলেন, সেলুনটির বিপরীত পাশে তার ফার্নিচারের দোকান। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনের তাপে তিনিও কিছুটা দগ্ধ হয়েছেন বলে জানান।
এ বিষয়ে তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, “ফতুল্লা এলাকায় আমাদের বেশকিছু পুরাতন লাইন আছে। সেগুলো মেরামতের কাজও করছি। দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।”