Published : 15 Jun 2026, 10:36 PM
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে হামলায় এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৬টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রকিব উর রেজা।
নিহত জাহাঙ্গীর আলম (৫০) ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
ওই বিরোধ মীমাংসার জন্য সোমবার বিকালে এলাকায় একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে জাহাঙ্গীর আলম ও আতাউল্লাহর পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে আতাউল্লাহর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের পাঁচ-ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রকিব উর রেজা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”