বনভোজনে যেতে বেরিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল যুবকের লাশ
নিহত ওবায়দুর শিকদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার খায়েরহাট গ্রামের অদূরে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান।
নিহত ওবায়দুর শিকদার (৩০) ওই গ্রামের দাউদ সিকদারের ছেলে। তিনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।
ওবায়দুর শিকদারের ভাই চাঁদ শিকদার বলেন, “শুক্রবার বিকালে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। রাতে আর বাড়ি ফেরেনি। তার ফোনও বন্ধ ছিল।
“সকালে স্থানীয়রা ভাইয়ের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।”
ওসি কামাল হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যা করে ফেলে রাখা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।
