২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 10:23 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

টাঙ্গাইলে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার বিকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান।

দণ্ডিতরা হলেন- ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে মো. শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালুর রবি দাসের ছেলে নরেশ রবি দাস (৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল (৩২)।

দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল বাছেত জানান, ধনবাড়ীর নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (২৫) ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে যান। পূর্ব শত্রুতার জেরে সেখান থেকে কয়েকজন তাকে ধরে নিয়ে গিয়ে মারপিট করেন। পরে তাকে একটি ভ্যানগাড়িতে তুলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন। 

মামলার নথি থেকে আরও জানা যায়, কিন্তু পথে ইসমাইলের মৃত্যু হয়। হামলাকারীরা ইসমাইলের মরদেহ নরিল্যা কলেজের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেন। দুদিন পর স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ উদ্ধারের পর নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরদিন ইসমাইলের বড় ভাই মো. ইব্রাহিম বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেন।