সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৪ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এ বাংলাদেশিদের হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
সাতক্ষীরা-৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, শনিবার কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এ বাংলাদেশিদের হস্তান্তর করা হয়।
এ সময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি থানায় জমা দিয়েছে। এসব নাগরিকদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
