রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি
“আগামী ১৭ অগাস্টের মধ্যে প্রশাসন সিদ্ধান্ত না নিলে রোববার থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালসহ অন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রশাসন ভবন ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি পূরণে প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা।
পোষ্য কোটা বাতিলকে ‘বৈষম্য’ দাবি করে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “আমরা বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছি। পরে প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করি। কিন্তু এখন প্রশাসন প্রতারণা করছে।
“দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “যে অধিকার প্রতিষ্ঠিত, তা আদায়ে বারবার আন্দোলন করতে হবে কেন? যারা বৈষম্য দূরীকরণের জন্য লড়েছিল, তারাই এখন বৈষম্যের শিকার। আমাদের অধিকার দ্রুত পুনর্বহাল করতে হবে।”
রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ইসমত আরা বেগম বলেন, “বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি বৈষম্যের শিকার হওয়ার জন্য নয়। প্রাতিষ্ঠানিক অধিকার দ্রুত কার্যকর করতে হবে।”
অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম। তিনি বলেন, “আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। আগামী ১৭ অগাস্টের মধ্যে প্রশাসন সিদ্ধান্ত না নিলে রোববার থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এতে বিভিন্ন অনুষদের সাবেক ও বর্তমান ডিন, হল প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন বিভাগের অধ্যাপকসহ শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “তারা আমাদের আগে কিছু জানায়নি। সকালে অফিসে এসে দেখি ধর্মঘট চলছে। প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।”
এর আগে ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন।
