সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষক নিহত, ৩ ঘণ্টা সড়কে বিক্ষোভ
“ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
সিরাজগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক শিক্ষক নিহত হওয়ার প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় লোকজন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এস আই সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৫০ বছর বয়সী বেলাল হোসেন সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।
নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় তিন ঘণ্টা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এতে সড়কের দুইপাশে বহু যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
এসআই সাইফুল বলেন, “পথচারী বেলাল হোসেন রাস্তা অতিক্রম করছিলেন। ওই সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর বেলা ১২টার দিক থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।
