১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে জজের বাসা থেকে চুরি হওয়া সোনার গহনা-টাকা উদ্ধার, আটক ১

আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে জজের বাসা থেকে চুরি হওয়া সোনার গহনা-টাকা উদ্ধার, আটক ১
জুয়েল মিয়া

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 04:15 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

ময়মনসিংহ জেলা ও দায়রা আদালতের বিশেষ জজ ফারহানা ফেরদৌসের বাসা থেকে চুরি হওয়া সোনার গহনা-নগদ টাকা উদ্ধার করা হয়েছে; চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলা থেকে ওই ব্যক্তিকে আটক করে বলে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।  

গ্রেপ্তার জুয়েল মিয়া (৪৫) মহানগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ওসি শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ মহানগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০তলায় বিশেষ জজ ফারহানা ফেরদৌসের ফ্ল্যাটের দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটে।  

ফ্ল্যাটের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি সোনার গহনা ও ১৫টি শাড়ি চুরি হয়েছে।   

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খানসহ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

পরে তারা সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে অভিযান শুরু করেন। ডিবি ও থানা পুলিশের ব্যাপক তৎপরতায় চুরির ১৬ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।  

ওসি শফিকুল ইসলাম খান বলেন, “মামলার পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।”