Published : 21 Apr 2026, 12:57 PM
পারিবারিক বিরোধের জেরে কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবক বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন।
নিহত রাশেদ আলী (৩৫) বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছোট ছেলে বাসিন্দা এবং ছেলে। তার বড় ভাই জহুরুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাইয়ের এলোপাতাড়ি ছুরির আঘাতে ছোট ভাই রাশেদ আলী গুরুতর আহত হন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, রাত দেড়টার দিকে রাশেদ আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের কোপের ১২ থেকে ১৩টি ক্ষত রয়েছে।
ওসি জামাল উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।