নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা কভার্ড ভ্যানের, নিহত ২
দুর্ঘটনার পরেই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে, কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে কভার্ড ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান, বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন, নাটোরের নলডাঙ্গার বেলঘড়িয়া এলাকার ফরজ আলী ছেলে সোহাগ হোসেন ও টাংগাইলের নগরপুরের চৌবাড়িয়া এলাকার ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। সোহাগ কভার্ড ভ্যানের চালক ও বিপ্লব তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ওসি মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। সকালে একই দিক থেকে আসা কভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই দুজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পরেই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে, কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে
