ফেনী সীমান্তে ৫৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
১ হাজার ৩৪২টি ভারতীয় সিল্ক শাড়ি ও ৪৩টি ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করে বিজিবি।
ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগর সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়েছে; যেগুলোর বাজারমূল্য ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকা থেকে এসব শাড়ি এবং বহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয় বলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন জানান।
জাকিরের ভাষ্য, একটি বড় ভারতীয় পণ্যের চালান বাংলাদেশে প্রবেশ করছে গোপন সংবাদে বিজিবি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা ১৮ বস্তা কাপড়সহ একটি মিনিট্রাক নিয়ে সড়কে উঠার চেষ্টা করলে বিজিবি ধাওয়া দেয়। এ সময় তারা মিনিট্রাকসহ মালামাল ফেলে রাতের অন্ধকারে পাশের গ্রামে পালিয়ে যায়।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, বিজিবি মিনিট্রাকে তল্লাশি করে ১৮টি বস্তার ভেতরে ১ হাজার ৩৪২টি ভারতীয় সিল্ক শাড়ি ও ৪৩টি ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করে।
“উদ্ধার করা ভারতীয় এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৪৩ হাজার টাকা।”
আটক ভারতীয় পন্য ফেনী কাস্টমস অফিসে জমা রাখার প্রক্রিয়া চলছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
