গাইবান্ধায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
এলাকাবাসী ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাইয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান।
নিহত মজিদুল ইসলাম (৩৫) এক উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল ৭টার দিকে মজিদুল তার বাড়ি থেকে ভ্যানে করে মালামাল নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চালকসহ চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মজিদুল মারা যান।
“এলাকাবাসী ট্রাকটি আটক করে হাইওয়ে থানা পুলিশকে দেন। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান।”
তিনি আরও বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুত চলছে।”
