Published : 02 Aug 2023, 12:35 AM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘অনৈতিক কাজের’ অভিযোগ তুলে দুই নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে সংঘটিত এই ঘটনায় অভিযোগের তীর ইউপি চেয়ারম্যান তাফছির আহমেদ লালের বিরুদ্ধে।
নির্যাতিত ব্যক্তি সোমবার রাতে আলমডাঙ্গা থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, গত ২৯ জুলাই গ্রামের এক প্রবাসীর স্ত্রী ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে ‘অনৈতিক’ কাজের অভিযোগ তুলে সালিস বসান ইউপি চেয়ারম্যান তাফছির।
সালিসে ওই দুই নারী-পুরুষকে দোষি সাব্যস্ত করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা এবং প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা। এরপর দুজনকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়।
গত ৩১ জুলাই রাতে ওই ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেন। চেয়ারম্যান তাফছিরসহ পাঁচজনকে আসামি করা হয়েছে সেই মামলায়।
ওসি বলেন, এরপর রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- খাসকররা পূর্বপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে শফি মল্লিক (৪৮), খাসকররা মাঝের পাড়ার আবুল হোসেনের ছেলে হাসান আলী (৩৯) এবং খাসকররা দক্ষিণ পাড়ার মৃত ধোলাই জোয়ার্দ্দারের ছেলে কলম জোয়ার্দ্দার (৬৫)।
এই ঘটনার বিষয়ে কথা বলতে চেয়ারম্যান তাফছিরের মোবাইল ফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান গা ঢাকা দিয়েছেন।
তাকেসহ মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।