২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে জামায়াত-বিএনপির ৫ কর্মী আহত

আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 04:38 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় ভোট নিয়ে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার সকালের দিকে জোড়পুকুরিয়া গ্রামে বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে মেহেরপুর-২ আসনের থেকে বিজয়ী জামায়াতে ইসলামীর নাজমুল হুদা জানিয়েছেন।

আহতরা হলেন- জোড়পুকুরিয়া গ্রামের জামায়াত কর্মী উজ্জ্বল হোসেন, মাসুদ রানা, জুয়েল রানা এবং বিএনপি কর্মী মহিবুল ইসলাম ও রিপন হোসেন। 

আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা বলছেন, সকালের দিকে ওই দোকানে বসে চা পান করছিলেন জামায়াত কর্মী মাসুদ রানা। এ সময় জোড়পুকুরিয়া গ্রামের বিএনপি কর্মী মহিবুল ইসলাম ও রিপন হোসেনের সঙ্গে তার সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ভোট নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়।

এক পর্যায়ে কুড়াল ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাসুদ রানাকে জখম করা হয়। এ সময় উজ্জ্বল ও জুয়েল রানা ঠেকাতে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, “নির্বাচনের দিন তেমন সংঘর্ষ ঘটনা ঘটেনি। অথচ নির্বাচনে জয়ের ৪-৬ ঘণ্টার মধ্যে জামায়াত কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে যে ঘটনা ঘটালো তাতেই স্পষ্ট এদের হাতে দেশ এবং নাগরিক কতটুকু নিরাপদ।”