২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় রাস্তা পারাপারের সময় বাইকের ধাক্কায় নরসুন্দরের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহী।

বরগুনায় রাস্তা পারাপারের সময় বাইকের ধাক্কায় নরসুন্দরের মৃত্যু
বরগুনায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত নরসুন্দরের স্বজনদের আহাজারি।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

বরগুনা সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক নরসুন্দর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও আরোহী।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার টাউন হল গোল চত্বর এলাকায় অগ্নিঝরা-’৭১ ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন।

নিহত শ্যামল চন্দ্র শীল (৫৪) পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে। তিনি বরগুনা শহরে একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সেলুনের মালিক সুজন চন্দ্র শীল বলেন, সকালে শ্যামল টাউন হল এলাকায় দোকান থেকে টাকা খুচরো করার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক, আরোহী ও শ্যামল গুরুতর আহত হন। 

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।