‘পুলিশি হয়রানির’ প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা শ্রমিকদের অবরোধের ডাক
মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হবে বলে জানান শ্রমিকরা।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সভাপতি মিজানুর রহমান।
সোমবার সন্ধ্যায় জেলা শহরের মেড্ডায় সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
মিজানুর রহমান বলেন, দাবি আদায়ে তারা দুই দিন কর্মবিরতি পালন করেছেন। বিকালে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে আলাদাভাবে আলোচনা হয়েছে।
আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুবজুল করিম এবং সাধারণ সম্পাদক স্বপন মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকাল থেকে জেলাজুড়ে কর্মবিরতি পালন শুরু করেন অটোরিকশার মালিক-শ্রমিকরা। কর্মবিরতির দুই দিন স্ট্যান্ডগুলো থেকে ছেড়ে যায়নি কোনো অটোরিকশা।
সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
