বন্যা কেড়েছে সব, গরু নিয়ে এক ঘরে তাহেরার জীবন
“বন্যা আমার কিচ্ছু রাখছে না। আগে যেই ঘরডায় থাকতাম, হেইডা নিসেগা।”
ছোট্ট একটি ঘর; ইটের গাঁথুনি থাকলেও পলেস্তার নেই। স্যাঁতসেঁতে পরিবেশ, দূর থেকে মনে হয় যেন পরিত্যক্ত। কাছে গেলে চোখে পড়ে ঘরের ভেতর চৌকি পাতা।
চৌকির পাশে প্লাস্টিকের একটি ড্রাম, গামলা আর ঘরের ঢোকার গেটে কয়েকটি কাপড় ঝোলানো। ছোট্ট ওই ঘরেই দিন কাটছে কুমিল্লার বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের সত্তরোর্ধ্ব তাহেরা বেগমের।
তার সম্বল বলতে কেবল একটি গরু। সেই গরু নিয়ে একই ঘরে থাকেন তাহেরা। সেখানেই কথা হয় বয়সের ভারে নুয়ে পড়া এ নারীর সঙ্গে।
আধো আধো কণ্ঠে তাহেরা বলেন, “বন্যা আমার কিচ্ছু রাখছে না। সব ভাসাইয়া লইয়া গেছে। মাইনসের দেওয়া ফিতরা আর জাকাতের টেকা দিয়া অনেক আগে এহনকার থাওনের ঘরটায় কয়টায় ইট লাগাইসিলাম।
“আগে যেই ঘরডায় থাকতাম, হেইডা বন্যায় নিসেগা। গরুডারে লইয়া এহন এক ঘরে থাকতাছি। আমরার খবর কেডা নিবো। গরীব মাইনসের দাম আছে কোনো?”
জীবনের এই যুদ্ধে একই লড়তে হচ্ছে তাহেরাকে। স্বামীর সঙ্গে প্রায় ৪০ বছর আগে বিচ্ছেদ হয়। ওই সংসারে একটি মেয়ে থাকলেও বিচ্ছেদের পর স্বামী আর মেয়ের আর কোনো খোঁজ পাননি তিনি।
গত ২২ অগাস্ট পাশের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে স্রোতের মতো পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। সেই পানিতে একদিনের মধ্যে প্লাবিত হয় পুরো বুড়িচং উপজেলা। যে কয়টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে বেড়াজাল অন্যতম। এ গ্রামে বহু বাড়িঘর ভেসে গেছে বানের স্রোতে। তার মধ্যে তাহেরার ঘরটিও রয়েছে।
বন্যার আগে একটি টিনের ঘরে থাকতেন তিনি। তখন গরুর জন্য আলাদা ঘরও ছিল। কিন্তু সবই ভেসে গেছে বন্যায়; এরপর অহসায় ওই বৃদ্ধার গরুসহ ঠাঁই হয়েছে স্যাঁতসেঁতে ওই ঘরে।
মঙ্গলবার সকালে সেখানে গিয়ে ঘরের সামনে তাহেরাকে দেখা গেল। তার পরনে পুরানো শাড়ি-ব্লাউজ। পেকে সাদা হয়ে গেছে চুল। দূর থেকেই নাকে আসছিল গো-মলমূত্রের গন্ধ। তীব্র দুর্গন্ধের কারণে ঘরের সামনে দাঁড়াতেই কষ্ট হচ্ছিল।
দিনের আলোতেও ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। পরে ঢুকে দেখা গেল এক পাশে গরুটি বেঁধে রাখা হয়েছে। আরেক পাশে চৌকিতে থাকেন তাহেরা।
এ ঘরের সামনেই ছিল বৃদ্ধার টিনের ঘরটি। সেখানে এখন ভিটা ছাড়া কিছু নেই। পাশেই ছিল টিনের বেড়া দেওয়া শৌচাগার। সেটিরও আর অস্তিত্ব নেই।
তাহেরার সঙ্গে কথা বলে জানা গেল তার দুঃখ-কষ্টে ভরা জীবনের গল্পের কিছু অংশ।
জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে আসা এ বৃদ্ধার বাবার বাড়ি বেড়াজাল গ্রামে। বিয়ে হয়েছিল জেলার বরুড়া উপজেলার ডিমডুল গ্রামের আলী আক্কাসের সঙ্গে। বিচ্ছেদের পর স্বামী আর কোনো খোঁজ রাখেননি। তিনি বেঁচে আছেন কি-না জানেন না তাহেরা।
কথা বলতে বলতে এক সময় ঘরের মেঝেতে বসে পড়েন বৃদ্ধা। তার পায়ের স্যান্ডেল তখন চোখে পড়ে; সেগুলোও প্রায় ছেঁড়া।
তাহেরা বলেন, বিচ্ছেদের সময় স্বামী আলী আক্কাস মেয়ে আনোয়ারা আক্তারকে নিজের কাছে রেখে দেন। এরপর মেয়ের আর কোনো খবর পাননি।
বিচ্ছেদের পর বাবার বাড়ির এলাকায় ছোটো একটি ঘর তুলে বসবাস শুরু করেন তাহেরা। এখন বয়সের ভারে চলতে ফিরতে কষ্ট হয়। এলাকার মানুষের সাহায্যে গরু পালন ও কৃষি কাজ করে এতদিন চলেছে তার জীবন। কিন্তু এবারের বন্যায় তিনি নিঃস্ব হয়ে গেছেন।
বন্যার আগে টিনের ঘরে মাঝেমধ্যে ছোট ভাই সৈয়দ আহমেদের ছেলে জিহাদ হোসেন থাকত। কিন্তু বন্যার পর ১২ বছর বয়সী জিহাদ স্যাঁতসেঁতে ঘরে থাকতে ভয় পায়।
স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র জিহাদ বলে, “আমার বৃদ্ধ ফুফুর কেউ নেই। তার ওপর তিনি অসুস্থ। আগে তাকে দেখভাল করার জন্য মাঝেমধ্যে ঘরে থাকতাম।
“এখন বন্যার কারণে গরু নিয়ে ফুফু একই ঘরে থাকে। দুর্গন্ধে থাকা যায় না। আমার ভয়ও লাগে।”
তাহেরা বেগমের ছোট ভাই সৈয়দ আহমেদ বলছিলেন, “আমি গরীব মানুষ। এবারের বন্যায় আমার একটি ঘরও ভেসে গেছে। পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। আমার বোনটা জনম দুঃখী।
“কিন্তু নিজে অসহায় হওয়ার কারণে বোনের জন্য কিছু করতে পারি না। তার পরিস্থিতি দেখলে আমারও অনেক কষ্ট হয়।”
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, এবারের ভয়াবহ বন্যায় জেলায় জেলার ১৪টি উপজেলায় ৮ হাজার ৬৭৪টি বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়িঘরের বেশিরভাগই বানের স্রোতে ভেসে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বুড়িচং উপজেলায়। এ উপজেলায় ৪ হাজার ১৪৩টি বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ওই তালিকায় বৃদ্ধা তাহেরা বেগমের নাম থাকতে পারে। আর কোনো কারণে নাম না থাকলে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব। এখনো আমাদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়নি। শিগগিরই আমরা পুনর্বাসনের কাজ শুরু করব।”
