নারায়ণগঞ্জে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ বলছে, দাম্পত্য কলহের জেরে নিহতের স্ত্রী সোমবার বাবার বাড়িতে চলে যান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়ামের পাশের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
নিহত এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইয়াকুব মুন্সীর ছেলে। ইসদাইরের বাড়িটিতে তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে কর্মরত এই পুলিশ কর্মকর্তা ২৫ জুলাই থেকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। দাম্পত্য কলহের জেরে নিহতের স্ত্রী সোমবার বাবার বাড়িতে চলে যান।
“ধারণা করছি, দাম্পত্য কলহের জেরেই এএসআই আবু হানিফ আত্মহত্যা করেছেন। তবে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
এদিকে, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন।
